জঙ্গি : পদ্মার দুর্গম চরে আবারো অভিযান

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৭:১০
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা দুর্গম পদ্মার আলাতুলির চরে বুধবার আবারো অভিযান চালিয়েছেন র‌্যাব। তবে অভিযানে কিছু পাওয়া গেছে কীনা সে সম্পর্কে র‌্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের কিছু জানানো হয়নি। ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার সীমান্তবর্তী পদ্মার ওই দুর্গম চরে কয়েক হাজার মানুষের বসতি রয়েছে। 
 
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে কোনঠাসা হয়ে পড়া জঙ্গিদের নিরাপদ ঠিকানা হয়ে উঠেছে দুর্গম এলাকা। মঙ্গলবার র‌্যাবের অভিযানে এমনকি প্রমাণিত হয়েছে। জঙ্গিরা দুর্গম এলাকায় আস্তানা গেড়েও পার পাবে না বলে পুলিশ ও র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেন, পদ্মার দুর্গম চর এলাকাকে ট্রেনিং সেন্টার বানানোর পায়তারা করছিল জঙ্গিরা। কিন্তু তাদের সেই স্বপ্ন আপাতত ভেস্তে গেছে।
 
জানা যায়, ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার সীমান্ত ঘেষা দুর্গম এলাকায় অস্ত্র ও গোলাবারুদের মজুদ গড়ে তোলার জন্য নিরাপদ মনে করেছিল জঙ্গিরা। কিন্তু র‌্যাবের জালে তাদের সেই নিরাপদ আস্তানাটিও আর নিরাপদ রইল না। মঙ্গলবার র‌্যাবের অভিযানে জঙ্গি আস্তানাটি তছনছ হয়ে গেছে। দুর্গম এলাকার আস্তানাটির চারপাশের দেড় থেকে দুই কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি ছিল না। আরেকটু দূরে অর্থাৎ ঘটনাস্থলের মাত্র তিন কিলোমিটারের মধ্যেই ভারতীয় সীমান্ত। তাই এলাকাটিকে জঙ্গিরা নিরাপদ মনে করেছিল বলে ধারণা করা হচ্ছে।
 
জানা যায়, বিগত ৬ মাসে শুধু পদ্মার চরে দুটি জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে। র‌্যাব-পুলিশের অভিযানে নিহত হয়েছে ৭ জঙ্গি। আর এ নিয়ে পুরো রাজশাহী অঞ্চলে আরো চারটিসহ পাঁচটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়।
 
প্রসঙ্গত উল্লেখ্য যে, রাজশাহী অঞ্চল থেকেই আটক হয়েছে জেএমবির দূর্ধর্ষ জঙ্গি সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ। 
 
রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম বলেন, পদ্মার দুর্গম চরে কারা বসবাস করছে, বহিরাগত কেউ রয়েছে কীনা অথবা কোথাও গোলাবারুদ মজুদ রয়েছে কীনা তা খতিয়ে দেখতেই বুধবার আবারো অভিযান চালানো হয়।
 
ইত্তেফাক/ইউবি