সেতুর অভাবে সখীপুর ও কালিহাতী উপজেলাবাসীর দুর্ভোগ

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ০০:৫১


সখীপুর উপজেলার কাড়াজান ইউনিয়নের বর্গা-ইন্দারজানি সড়কের শাইল সিন্দুর খালের ওপর সেতু না থাকায় সখীপুর ও কালিহাতী উপজেলার ১৫ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ঝুঁকি নিয়ে বর্ষাকালে নৌকায় ও শুকনো মৌসুমে বাঁশের সাকো দিয়ে ওই খালটি পারাপার হচ্ছে এলাকাবাসী।

স্থানীয় এলজিইডি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি গ্রামের শেষ প্রান্তে শাইল সিন্দুর খালটি কালিহাতী উপজেলার বর্গা গ্রামকে আলাদা করে রেখেছে।

উত্তর-দক্ষিণে বয়ে যাওয়া খালটির পূর্ব পাশে সখীপুর ও পশ্চিম পাশে কালিহাতী উপজেলা। ওই খালটির ওপর দিয়ে বর্ষাকালে খেয়া নৌকায় ও শুকনো মৌসুমে বাঁশের সাকোর ওপর ভরসা করে দুই উপজেলার ১৫টি গ্রামের মানুষ যাতায়াত করছেন। খালের পূর্ব পাড়ে সখীপুর উপজেলার ইন্দারজানি, বৈলারপুর, বিন্নাআটা, গড়বাড়ি, হামিদপুর, মহান্দনপুর, কাজিরামপুর, হেঙ্গারচালা গ্রাম আর পশ্চিম পাড়ে কালিহাতী উপজেলার বর্গা, আমজানি, সরিষাআটা, পারখি ও বিয়াইল গ্রাম রয়েছে। এ পাড় থেকে ওপারের গ্রামগুলোতে ভারি কোনো মালামাল পরিবহনে আট থেকে ১০ কি.মি ঘুরে যেতে হয়। ফলে অপচয় হচ্ছে সময় ও টাকা।

সখীপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুস বলেন, শাইল সিন্দুর খালটি আমাদের ও কালিহাতী উপজেলার শেষ সীমানায়। তাই কালিহাতী উপজেলার প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে যৌথভাবে উদ্যোগ নিয়ে শিঘ্রই সেতুর প্রাক্কলিত ব্যয় তৈরি করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হবে বলে যোগ করেন তিনি।

ইত্তেফাক/নূহু