বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিলেন শিক্ষকরা

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২২:৪৪

উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিত আকারে না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে? বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্য বিরোধী আন্দোলনের ১৬তম দিনে গতকাল ছাত্র আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে ৮ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।

গতকাল বুধবার প্রশাসনিক ভবনের নিচতলায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের বিরুদ্ধে স্বৈরাচারী নিয়ম চাপিয়ে দেওয়া হয়। আমরাও (শিক্ষক সমিতি) আগামীকাল থেকে উপাচার্যের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করবো। আন্দোলকারী শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করলে প্রায় ছয় ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। বুধবার বেলা ১১টা থেকে শুরু হওয়া অবরোধ বিকাল ৫টা পর্যন্ত চলে। এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে বুধবারের মতো আন্দোলন প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার থেকে যথারীতি বেলা ১১টা থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করার কথা জানিয়েছে আন্দোলনকারীরা।

বিশ্ববিদ্যালয় বিদ্যমান অচলাবস্থা নিরসনে গত শনিবার বরিশাল বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হলেও তা ভেস্তে যায়। উপাচার্যকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর আশ্বস্ত করলেও শিক্ষার্থীরা তা লিখিত চেয়ে আন্দোলনে অনড় রয়েছেন।