বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া জগত্চাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের বিম ভেঙে পড়েছে। এসময় খসে পড়েছে ছাদের পলেস্তারাও। গতকাল বুধবার সকাল নয়টার সময় এ ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পায় শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ জানান, চতুর্থ শ্রেণির কক্ষে ছাদের একাংশ ও বিম ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ওই শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠদান চলছিল। এসময় বিম ধসে পড়তে দেখে শিক্ষক ও শিক্ষার্থীরা দৌড়ে বাইরে চলে যায়। তাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
স্কুলের মোট চারটি কক্ষের মধ্যে একটিতে অফিস অপর তিনটিতে শ্রেণিকক্ষ। প্রতিটি কক্ষের বিমে ফাটল ধরেছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০১-০২ সালে এলজিইডির অর্থায়নে প্রায় আট লাখ টাকা ব্যয়ে স্কুল ভবন নির্মাণ করা হয়। কোনো ধরনের সংস্কার না করায় ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। জরাজীর্ণ ভবনেই ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ আরো জানান, বিদ্যালয় ভবনটি স্থাপনের পর কোনো সংস্কার না করায় বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভবনটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহুবার আবেদন করা হয়েছে; কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন জানান, ঝুঁকিপূর্ণ শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। সরেজমিনে পরিদর্শনে যাচ্ছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
