৭৫ শিক্ষার্থীকে বৃত্তি দিল মহামায়া গণ পাঠাগার

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১২:৫৩
 
ফেনীর ছাগলনাইয়ায় 'মহামায়া গণ পাঠাগারের উদ্যোগে ৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় স্থানীয় চাঁদগাজী হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। মহামায়া গণ পাঠাগারের সভাপতি মোঃ ইউনুছ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিব শাহ হোসেন চৌধুরী বাদশা, ফেনী সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ফেরদৌস আক্তার, চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাষ্টার আবুল কালাম, মহামায়া ইউপি সদস্য জমির উদ্দিন বাবু, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোস্তফা, বর্তমান সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন প্রমুখ।
 
এসময় মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, 'মহামায়া গণ পাঠাগারের মতো কিছু সামাজিক সংগঠনের কারণে দেশের হাজার হাজার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী নতুন করে স্বপ্ন দেখতে শিখেছে। কোন শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে সেদিকে আমাদের সবারই নজর রাখা উচিত। কারণ, ওরাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে।'
 
মহামায়া গণ পাঠাগারের সভাপতি মোঃ ইউনুছ বলেন, 'এটা আমাদের ৭ম আয়োজন। আমরা আমাদের সাধ্যমতো শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রসঙ্গত, পরীক্ষার মাধ্যমে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নির্বাচন করা হয়। উক্ত অনুষ্ঠানে অত্র পাঠাগার আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
 
ইত্তেফাক/আনিসুর