মাওয়ায় গতকাল বুধবার দুপুরে পদ্মা সেতুর দশম স্প্যান বসেছে। সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর এই স্প্যানটি বসানোর মধ্যদিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর দেড় কিলোমিটার কাঠামো।
গতকাল মাওয়া প্রান্তে দ্বিতীয় স্প্যানটি বসে। যদিও পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানোর কথা ছিল মাওয়া প্রান্তে। কিন্তু নদীর তলদেশের মাটি নরম থাকায় এ পারের কাজ পরে ধরে আগে জাজিরায় কাজ শুরু হয়। ইতোমধ্যে জাজিরায় আটটি স্প্যান বসানো হয়েছে।
এর আগে অস্থায়ীভাবে মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর খুঁটিতে একটি স্প্যান বসানো হয়। ৬ ও ৭ নম্বর খুঁটিতে এটি বসানোর কথা ছিল। কিন্তু ৬ ও ৭ নম্বর খুঁটি প্রস্তুত না থাকায় অস্থায়ীভাবে এটি ৪ ও ৫ নম্বর খুঁটিতে বসানো হয়। পরবর্তীতে ৬ ও ৭ নম্বর খুঁটি প্রস্তুত হবার পর এটি সরিয়ে নেওয়া হবে। একই সাথে প্রথম পর্যায়ে জটিলতা সৃষ্টি হওয়া ৬ ও ৭ নম্বর খুিঁটর পাইল আজ বৃহস্পতিবার শেষ করা হচ্ছে। ৭ নম্বর খুঁটিতে ৭টি পাইলই স্থাপন হয়ে গেছে। এর মধ্যে ৪টি ট্যাম (খাঁজকাটা) পাইল। আর ৬ নম্বর খুঁটির ৬ ছয়টি পাইলই সম্পন্ন হয়েছে।
এর আগে স্প্যানটি মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬শ’ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই ভাসমান’ ক্রেন বহন করে নিয়ে যায়। সকাল ৮টা ২০ মিনিটের দিকে এটি রওনা হয়ে ৯টার দিকে ১৩ ও ১৪ নম্বর খুঁটির সামনে চলে আসে। এরপরই স্প্যানটি খুঁটিতে বসানোর প্রক্রিয়া শুরু করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর বসানো হয়। এদিকে ১১ তম স্প্যান বসতে যাচ্ছে ২০ এপ্রিল জাজিরায় ৩৪ ও ৩৩ নম্বর খুঁটিতে। ‘৬সি’ নম্বর স্প্যানটি বসানোর পরিকল্পনাও এখন চূড়ান্ত। ৩৪ নম্বর খুঁটিতে লেফটিং ফ্রেম (স্প্যান ঝুলিয়ে রাখার যন্ত্র) বসানো হচ্ছে এখন।
