ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে পাঁচ প্রার্থীর মধ্যে দুই জনের প্রার্থিতা বৈধ বলে গণ্য হয়েছে। এছাড়া এক সংরক্ষিত নারী কাউন্সিলরসহ কাউন্সিলর পদে মোট ৬জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র ইকরামুল হক টিটু ও জাতীয় পার্টি মনোনীত মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার মো. আলিমুজ্জামান। অপর তিন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে জাপা নেতা স্বপন মণ্ডল ঋণ খেলাপি এবং ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু মুসা সরকার ও সাবেক অধ্যক্ষ ড. বিশ্বজিত্ ভাদুড়ী ত্রুটিপূর্ণ ভোটার তালিকা জমা দেওয়ার অভিযোগে প্রার্থিতা বাতিল করা হয়।
এদিকে ৩৩ টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২৫৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭১ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে ৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে একজনের মনোনয়ন বাতিল হয়।
