নাটোরে ৬৭৫ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৪:২৭

 

নাটোর সদর উপজেলার লক্ষীপুর-খোলাবাড়িয়া এবং ব্রক্ষপুর ইউনিয়নের ছয়টি গ্রামের ৬৭৫টি পরিবার নতুন বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। মোট এক কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক নবনির্মিত ৯ দশমিক ৬৮ কিলোমিটার বিদ্যুৎ লাইনের সংযোগ পৃথক দু’টি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল এমপি।

 

বুধবার সন্ধ্যায় লক্ষীপুর আলিয়া মাদরাসা প্রাঙ্গণে লক্ষীপুর পশ্চিমপাড়া, চৌরী, পার আটঘড়িয়া ও গাজীপুর গ্রামের ৩৫০টি পরিবারের বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য দেশকে দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত করে পর্যায়ক্রমে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়া। দেশের উন্নয়নের গতি তরান্বিত করার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন প্রয়োজন বিধায় সরকার সরকারী ও বেসরকারি পর্যায়ে একাধিক বিদ্যুৎ কেন্দ্রসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে।

 

স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাতেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু।

 

এর আগে ব্রক্ষপুর ইউনিয়নের চরাবসতি গ্রামে ইউনিয়নের শরকুতিয়া ও কাশিয়াবাড়ি গ্রামের ৩২৫ পরিবারের বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য শিমুল। বাসস

 

ইত্তেফাক/এমআর