পিকআপভ্যান ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নোয়াখালী শহরের মাইজদী বাজারে গ্রিনহল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জান্নাতুল আনিসা (১৭)। তিনি নোয়াখালী সরকারি মহিলা কলেজের প্রথমবর্ষ বিজ্ঞান বিভাগের ছাত্রী। আনিসা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আলী আহম্মদের মেয়ে। আহতরা হলেন- নিহত আনিসার সহপাঠী একই কলেজের ছাত্রী সুমাইয়া তাসনুর (১৭) ও ইজিবাইকের চালক ফকির উদ্দিন (৪৫) গুরুতর আহত হন। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সুধারাম থানার ওসি (তদন্ত) মো. সাহেদ উদ্দিন জানান, সকালে দুই কলেজ ছাত্রী ইজিবাইকে করে কোচিং সেন্টারে যাবার জন্য মাইজদী বাজার থেকে রওনা হন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে জান্নাতুল আনিসা নিহত হন। ঘটনার পরপর পিকআপভ্যানটির চালক পালিয়ে যায়। তবে পিকআপভ্যানটি জব্দ করেছে পুলিশ।
ইত্তেফাক/জামান
