বগুড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ড ভোগ করা রঞ্জু হোসেন (৪০) নামের এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে শহরের মালগ্রাম এলাকা থেকে রঞ্জু নামের ওই যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রঞ্জু হোসেন শহরের জহুরুল নগর এলাকার আব্দুস সামাদের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায় , বগুড়া শহর যুবদল নেতা আবু তালহা ঠাণ্ডু হত্যা মামলায় যাবজ্জীবন কারাভোগ শেষে মাস ছয়েক আগে কারাগার থেকে বের হয় রঞ্জু। তার বিরুদ্ধে হত্যাসহ আরও বেশ কটি মামলা রয়েছে থানায়। বুধবার রাতে পরিচিত দুই ব্যক্তির সঙ্গে বাড়ি থেকে বের হয় সে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ভোর রাতে তাকে অন্য কোথাও হত্যা করে লাশ ওই ধানক্ষেতে ফেলে রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া জেলা পুলিমের গন্রমাদ্রম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব শক্রতার জের ধরে রঞ্জুকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত রঞ্জু সন্ত্রাসী শফিক গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ছিল। তার বিরুদ্ধে যুবদল নেতা ঠান্ডু হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/এমআই
