চট্টগ্রামে বিপুল পরিমাণ উস্কানিমূলক লিফলেট ও জিহাদি বইসহ দুই জঙ্গিকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব। গত বুধবার গভীর রাতে জেলার সীতাকুণ্ড থানার উত্তর সলিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শাকিল হোসেন ওরফে সাব্বির ও মো. রাহাদুল ইসলাম ওরফে রাহাত ওরফে রুদ্র। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি চাকু, বিপুল পরিমাণ জঙ্গি উস্কানীমূলক লিফলেট এবং জিহাদি বই উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ২০১৬ সালের শেষের দিকে ফেসবুকের মাধ্যমে এক জিহাদি ভাইয়ের সঙ্গে তাদের পরিচয় হয়। তিনি তাদেরকে বিভিন্নভাবে জিহাদি দাওয়াত দিতে থাকে। তাদের দ্বারা ধীরে ধীরে উদ্বুদ্ধ হয়ে তারা বগুড়া থেকে কক্সবাজারে যান। তাদের পরিকল্পনা ছিল পুলিশ এবং বিজিবির উপর হামলা করে অস্ত্র-গুলি লুট করে জঙ্গি কার্যক্রম পরিচালনা করা। কিন্তু কক্সবাজার এলাকার আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার কারণে তারা পরিকল্পনা বাতিল করে বগুড়ায় নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পথিমধ্যে চট্টগ্রামের ফৌজদারহাট উত্তর সলিমপুর এলাকায় র্যাবের হাতে তারা ধরা পড়েন।
ইত্তেফাক/ইউবি
