পুঠিয়ার দুই ইউপির নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ২২:৩১

রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৬ মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা পত্র এসেছে বলে নিশ্চিত করেছে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান ভুইয়া।

সায়েদুর জানান, শিলমাড়িয়া ইউনিয়নের জহুরুল ইসলাম নামের এক ব্যক্তি উচ্চ আদালতে রিট আবেদন করায় উচ্চ আদালত আগামী ৬ মাসের জন্য উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এ ব্যপারে জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জেলা নির্বাচন কর্মকর্তা এ সংক্রান্ত ম্যাসেজ দিয়েছে। তবে বিস্তারিত কিছু বলেনি। নির্বাচন স্থগিত সংক্রান্ত কোন চিঠি উপজেলা নির্বাচন অফিসে এখনও আসেনি।

থানার ওসির কাছে নির্বাচন স্থগিত সংক্রান্ত চিঠির ব্যপারে জানতে চাইলে তিনি জানান, থানায় এ ধরনের চিঠি আসতে পারে। তবে থানা থেকে এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, সীমানা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে রিট আবেদন থাকায় দীর্ঘ ১৪ বছর উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে। সকল আইনি জটিলতা কাটিয়ে গত ১২ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী গত ২৭ নভেম্বর মনোনয়নপত্র দাখিলসহ যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহনে দুই ইউনিয়নে ব্যাপক প্রস্তুতিও নেয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু