কুষ্টিয়া মিরপুরের দুই সাংবাদিকের আলোচিত মোটরসাইকেল ডাকাতির মামলার অন্যতম আসামি সাবদুল ওরফে সাবদুল্লাহ (৪৫) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টায় তার নিজ বাড়ি হতে আটকের ঘটনাটি ঘটে। কুখ্যাত ডাকাত সাবদুল্লাহ উপজেলার চিথলিয়া ইউপি’র চিথলিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
জানা গেছে, তার বিরুদ্ধে মিরপুর ও রাজবাড়ী জেলার পাংশা থানায় দুটি ডাকাতি মামলায় ওয়ারেন্ট রয়েছে। যার নং- মিরপুর থানার জিআর ২৮/২০১৫ এবং পাংশা থানার জিআর ৯৮/১১।
সূত্র জানিয়েছে, বিজ্ঞ আদালতের ইস্যুকৃত ওয়ারেন্টভুক্ত ডাকাত সাবদুল্লাহকে আটক অথবা তার বাড়ির অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশে ওইদিন মিরপুর থানার এএসআই রমজান আলী ও সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাত সাবদুল্লাহ’র বাড়িতে অভিযানে গেলে সাবদুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। সে সময় তাকে আটক করা হয়।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান জানান, সাবদুল্লাহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা সহ সমাজ বিরোধী বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১২এপ্রিল রাতে মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক গ্রামের কাগজের জেলা প্রতিনিধি বাবলু রঞ্জন বিশ্বাস ও দৈনিক মানব জমিন পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি মারফত আফ্রিদী চিথলিয়ায় যাচ্ছিলেন। এ সময় ডাকাতদল রাস্তায় গাছ ফেলে তাদের গতিরোধ করে হাত-পা ও চোখ বেঁধে নির্জনস্থানে নিয়ে যায়। পরে তাদের কাছ থেকে ২টি মোটর সাইকেল, ১টি ল্যাপটপ, ১টি স্বর্ণের আংটি, নগদ টাকা ও ৪টি মোবাইল ফোন ডাকাতি করে পালিয়ে যায়।
এ ব্যাপারে মিরপুর থানায় ডাকাতী মামলা দায়ের হয়। যার নং-৪, তাং ১৩/০৪/২০১৫।
মামলার এজাহারভূক্ত ডাকাত ইমারত ও শাহজামাল ১৬৪ ধারার জবানবন্দি দেয়। ওই জবানবন্দিতে সাবদুল ওরফে সাবদুল্লাহর নাম উল্লেখ করে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, ডাকাতের সমন্বয়কারী সিরাজ মল্লিক (বর্তমানে রাজবাড়ি জেল হাজতে) ২০১৫ সালের ৭ নভেম্বর মিরপুর থানা পুলিশের হাতে আটকের পর চিথলিয়া মাঠে দুই সাংবাদিকের মোটরসাইকেলসহ গণ ডাকাতির সব ঘটনা শিকার করে। সে নিজ (মিরপুর) উপজেলার ৫জন, দৌলতপুর উপজেলার তালবাড়ীয়া গ্রামের ১জন, মেহেরপুর জেলার গাংনী উপজেলার মানিকদিয়ার গ্রামের ৪জন ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের ১জনসহ মোট ১১ জন নাম বলে যারা ওইরাতে ডাকাতি কাজে অংশ নেয়।
ইত্তেফাক/নূহু
