শ্রমিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে আরো আইন সংশোধন করা হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ২৩:১৮
 
দেশের শ্রমিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে এবং তাদের নিরাপত্তা বিধানে সরকার আরো আইন সংশোধন করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মজিবুল হক। শুধুমাত্র শ্রমিকরা যাতে স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা পেতে পারে তার জন্য ঢাকা ও নারায়গঞ্জে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটির ঘাগড়ায় শ্রম ও কল্যাণ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ভিত্তি ফলক উম্মোচন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
 
শ্রম অধিদফতর ও সেনাকল্যাণ সংস্থার মাধ্যমে দেড় একর জায়গায় ৬২ কোটি ৮৬ লাখ টাকার বহুতল এ শ্রম কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে।
 
অনুষ্ঠানে পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান কমোডর এসএম কামরুল হক, শ্রম সচিব আফরোজা খান ও পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল গোলাম ফারুক, সেনা কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর কামরুল হক, সেনা কল্যাণ সংস্থার ডিজি বিগ্রেডিয়ার জেনারেল নুরুল আজিম, রাঙ্গামাটি উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, সেনা কল্যাণ সংস্থার ডিডিজি কর্ণেল ফয়সাল, জেলা প্রশাসক মানজারুল মান্নান বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/আরকেজি