ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় ভ্যান চালকের মৃত্যু

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৩:১৯
 
ময়মনসিংহ সদরের খাকডহর ইউনিয়নের মীর্জাপুর বিলপাড় গ্রামে প্রতিপক্ষের হামলায় চান মিয়া (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এতে নিহতের পরিবারের আরও ২ জন আহত হন।
 
আহতরা হচ্ছেন, মিয়া হোসেনের ছেলে শাহজাহান ও শুকুর আলীর ছেলে কামরুল ইসলাম। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী খুদেজা খাতুন জানান, মীর্জাপুর বিলপাড় গ্রামের মমিন আলীর ছেলে ভ্যান চালক চান মিয়া ও প্রতিবেশী তারা মিয়ার সাথে ৩ কাঠা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই জমি নিয়ে উভয় পক্ষের আদালতে মামলাও চলছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চান মিয়ার ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবারও ঝগড়া বাঁধে। এই ঝগড়াকে কেন্দ্র করে তারা মিয়ার পরিবার চান মিয়ার পরিবারের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় গুরুতর আহত চান মিয়া, শাহজাহান ও কামরুল ইসলামকে বৃহস্পতিবার রাতেই চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ১০টা সময় চান মিয়া মারা যায়। চান মিয়ার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
ইত্তেফাক/জামান