নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
সিলেট দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, শুক্রবার বিকেল চারটার দিকে ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকার শ্যামলী বাস কাউন্টার থেকে উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার জানান, উদ্ধার হওয়া ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে নিয়ে পুলিশের একটি দল নাটোরের উদ্দেশ্যে রওনা হয়েছে।
প্রসঙ্গত, নাটোরের বনপাড়া পৌর শহরের মিশন পাড়া এলাকার মৃত সিলভেস্টার রোজারিওর ছেলে ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিও (৪১) সোমবার বিকেল ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মিশন মার্কেট থেকে জোনাইল ধর্মপল্লীর উদ্দেশ্যে রওনা দেয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। গত মঙ্গলবার দুপুরে তার নিখোঁজ হওয়ার খবর পুলিশকে জানালে তাকে উদ্ধারে জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপরতা শুরু করে।
ইত্তেফাক/ইউবি
