ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৭

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ২৩:০৩
 
গোপালগঞ্জে ট্রাকের পেছনে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশুসহ ৭জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২০যাত্রী। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরের বেদগ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামুল হুদা বলেন, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালিয়ে হতাহতদের উদ্ধার করে।
IMG0
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম চৌধুরী ৭জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দু’জনের নাম পরিচয় পাওয়া গেছে বলে জানান তিনি। এরা হলেন- বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মোড়লডাঙ্গা গ্রামের শাহিন মোড়লের ছেলে মাহি (৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের লুৎফর রহমানের ছেলে ইউনুস খান (৫০)।
 
ইত্তেফাক/আরকেজি