ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গোসল করতে নেমে ইছামতি নদীতে ডুবে এক ভারতীয় যুবক নিহত হয়েছেন। নিহত কুনাল কুণ্ডু (২৫) কলকাতার শিয়ালদহ রেল স্টেশন সংলগ্ন বেলেঘাটা এলাকার বাসুদেব কুণ্ডুর ছেলে। কলকাতা থেকে বন্ধু বিশ্বজিতের মামার বাড়ি কোলাকোপার রাজারামপুর বেড়াতে এসেছিলেন তিনি।
নবাবগঞ্জ থানার এসআই মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের কলাকোপা পোদ্দার বাজার খেয়াঘাটে গোসল করতে নেমে নিখোজ হন কুনাল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কুনালের লাশ উদ্ধার করে।
কুনালের বন্ধু বিশ্বজিৎ সাহা সাংবাদিকদের জানান, গত ২৬ নভেম্বর ১ মাসের ভ্রমণ ভিসায় আমার মা, কুনাল, কুশল ও আমি কলাকোপা রাজারামপুর মামার বাড়িবেড়াতে আসি। ওরা দুজন আমার খুব কাছের বন্ধু। কুনাল ও কুশল নিকট আত্মীয়।শুক্রবার দুপুরে তিন বন্ধু মিলে ইছামতি নদীর পোদ্দার বাজার ঘাটে গোসল করতে নামি। গোসলের এক সময়ে কুনাল পানিতে ডুবে যায়। এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এলেও কুনালকে উদ্ধার করতে পারেনি।
খবর পেয়ে নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। লাশ উদ্ধারের পর থানায় আনা হয়েছে। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান এসআই আলমগীর।
ইত্তেফাক/আনিসুর
