কুমিল্লার হোমনায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে রুবেল মিয়া (২৮) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দড়িচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল দড়িচর গ্রামের ব্যবসায়ী মো. ওয়ারিশ ছেলে। নিহতের স্বজনদের অভিযোগ- পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। এঘটনায় তিনজন আহত হয়েছেন। তারা হলেন- একই গ্রামের আবদুল করিমের ছেলে মাসুদ রানা, মোস্তফা কামালের ছেলে মাহফুজ আহমেদ ও আবদুল হামিদের ছেলে মনিরুজ্জামান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে রুবেল তার বন্ধুদের নিয়ে দড়িচর খেলার মাঠে ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি করে খেলতে শুরু করেন। এসময় ঐ গ্রামের মালেক আফসারীর ছেলে মুন্না এতে বাঁধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় মুন্না তার হাতে থাকা ছুরি দিয়ে রুবেলের পেটে আঘাত করেন। এতে তিনি সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে যান। পরে উপস্থিত লোকজন গুরুতর আহত রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. বিল্লাল হোসেন জানান, ঘটনা ঘটার অনেক পর রোগীকে হাসপাতালে আনা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার প্রস্তুতিকালে হাসপাতালেই তার মৃত্যু হয়।
মেঘনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সাইফুর রহমান আজাদ জানান, ঘটনা শুনামাত্রই ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এঘটনায় তাৎক্ষণিক চারজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/জামান
