সাভার: সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের গেন্ডা সড়কের বর্তমানে অত্যন্ত বেহাল। দীর্ঘ ১৫ বছরেও এ সড়কে কোনো সংস্কার কাজ হয়নি। ফলে সড়কের প্রায় পুরো অংশই খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে সৃষ্টি হয়েছে বড়ো বড়ো গর্তের। এছাড়া যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় সড়কের পরিবেশ হয়েছে বিষময়। সামান্য বৃষ্টিতে রাস্তার অবস্থা হয় আরো খারাপ। ভাঙা ও চলাচলের অনুপযোগী হওয়ায় রিকশা ও অটোরিকশা চালকরা এ রাস্তা দিয়ে যাতায়াত করতে চায় না। তাই দ্বিগুণ ভাড়া দিতে বাধ্য হন এলাকাবাসী। আর সামান্য বৃষ্টি হলেই এ ভাড়া বেড়ে যায় আরো কয়েকগুণ। গেন্ডায় বড়ো পাইকারি বাজার থাকায় সাধাপুর, চাকুলিয়া এলাকা থেকে প্রতিদিন বিভিন্ন কাঁচামাল ও শাকসবজি বাজারে নিয়ে আসেন কৃষকরা। রাস্তার দুরবস্থার কারণে বাজারে মালামাল আনতে হিমশিম খেতে হয় তাদের। এলাকার বাসিন্দা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. কাইয়ুম খান বলেন, এই রাস্তায় চলাচল করা খুবই দুষ্কর। সামান্য বৃষ্টিতে রাস্তা পানিতে ডুবে যায়। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে বার বার জানানো হলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ৯নং ওয়ার্ড কমিশনার আয়নাল হক গেদু এলাকার রাস্তার দুরবস্থার কথা স্বীকার করে বলেন, এ রাস্তাটির টেন্ডার না হওয়ায় সংস্কারের কাজ করা যাচ্ছে না —ইত্তেফাক
