ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০০:৪৯

 ‘বদলে গেছে দিনকাল, মিউটেশন এখন ডিজিটাল’ ‘ভূমি সংক্রান্ত আইন জানুন, আপনার ভূমি নিরাপদ রাখুন’ ‘বদলে গেছে দিনকাল, ভূমি রেকর্ড হলো ডিজিটাল’ ‘চালু হলো ই-নামজারী, টাউট দালালের মাথায় বাড়ি’ , ‘রাখব নিষ্কণ্টক জমি-বাড়ি, করব সবাই ই-নামজারী’ প্রভৃতি স্ল্লোগানে গাজীপুরের কালীগঞ্জ, মানিকগঞ্জের ঘিওর ও সিংগাইর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে ভূমি সেবা সপ্তাহ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও মো.শিবলী সাদিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, গাজীপুর জেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, উপজেলা প্রকৌশলী শাকিল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আক্তারুজ্জামান প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, ভূমি সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বুধবার দুপুরে  একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা ভূমি অফিসের প্রধান নির্বাহী ফজর আলী, ভারপ্রাপ্ত কানুনগো জামাল উদ্দিন, সার্ভেয়ার মহিউদ্দিন, বশির উদ্দিন, নাজির কাম ক্যাশিয়ার আদিলুল ইসলাম, নামজারী সহকারী আব্দুল আউয়ালসহ ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, গতকাল বেলা ১১টার দিকে দোহার উপজেলা চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রেবা, সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম, শিক্ষক আব্দুল খালেক প্রমুখ।

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের ঘিওরে উপজেলা প্রশাসন ও উপজেলা/ ইউনিয়ন ভূমি অফিস আয়োজিত ভূমি সেবা সপ্তাহ ক্যাম্প ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯ উপলক্ষে  শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আতোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার শামীম, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, ঘিওর ইউপি চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম টুটুলসহ প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারিগণ। ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ ক্যাম্প চলবে।

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, সিংগাইরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থিগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.হামিদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা মত্স্য কর্মকর্তা মো.জসিম উদ্দিন, সাব রেজিস্ট্রার মো. লোকমান হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা আনিসুর  রহমান, কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন, উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার প্রমুখ।