ব্রিজের অভাবে ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত শিক্ষার্থীদের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ০২:২১

তালায় একটি বেইলী ব্রিজের অভাবে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করে শতাধিক শিক্ষার্থী ও এলাকার জনসাধারণ।

উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দেওয়ানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় এবং দেওয়ানীপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে আসা-যাওয়া নিত্যদিনের ব্যাপার।

এছাড়া খরাইল, ভবানীপুর, কাজীডাঙ্গা ও উত্তরঘোনাসহ কয়েকটি গ্রামের শত শত মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করে এ বাঁশের সাঁকো দিয়ে। এছাড়া এলাকাটি বছরের ছয়/সাত মাস জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে এবং বর্ষা মৌসুমে রাস্তা পানির নিচে তলিয়ে যায়। এরপরও ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচল করা শত শত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এলাকাবাসী জানান, দেওয়ানীপাড়া গ্রামের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানসহ একটি বাজার আছে। যেখানে সকাল বিকাল বাজার করতে আসা শত শত মানুষের যেমন দুর্ভোগ, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভোগান্তিও চরমে। ১৯৯৫ সালে বাঁশের সাঁকোটি স্থানীয় জনগণ তৈরি করার পর এখন পর্যন্ত চলছে। বর্তমানে খালের উপর একটি বেইলী ব্রিজ নির্মাণ এলাকাবাসী ও শিক্ষার্থীদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সেকেন্দার আলী মোড়ল জানান, প্রায় ২২ বছর আগে কোমলমতি শিশুদের স্কুলে যাতায়াতের জন্য আমার জমির উপর দিয়ে বাঁশের সাঁকোটি তৈরি করা হয়েছিল। এখনো সাঁকোটি সেই অবস্থায় আছে। তবে মাঝে মাঝে স্বেচ্ছাশ্রমে এটা সংস্কার করা হয়।

ইত্তেফাক/নূহু