আজ পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১১:২৭
 
আজ ৩ ডিসেম্বর পীরগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে মুক্তিবাহিনীর ক্যাপ্টেন জাহাঙ্গীরের অধীন দু'শতাধিক গেরিলা ও মিত্রবাহিনীর চতুর্মুখী আক্রমণের মুখে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা পীরগঞ্জ ছেড়ে দিনাজপুরের বীরগঞ্জ হয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্টের দিকে পলায়ন করে।
 
এদিনেই মুক্তিবাহিনীর গেরিলা নেতা যথাক্রমে মুন্সিপাড়ার শহীদুল্লাহ্ শহিদ, মকিম উদ্দিন আহম্মেদ, জগথার আব্দুল আজিজ, বীরহলীর তালেবুর রহমান ও কাচন ডুমুরিয়ার আখতারুজ্জামানের নেতৃত্বাধীন দু'শতাধিক গেরিলা মুক্তিসেনা বীরবিক্রমে পীরগঞ্জে প্রবেশ করে পীরগঞ্জকে পাকহানাদার মুক্ত ঘোষণা করেন। এরপর ডিফেন্সের মুক্তিসেনা ও মিত্রবাহিনীর (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) একটি ইউনিট পীরগঞ্জে প্রবেশ করে। সেদিন থেকেই '৩ ডিসেম্বর পীরগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস' হিসেবে গণ্য হয়ে আসছে।
 
পীরগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে এবার পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও পীরগঞ্জ প্রেসক্লাব যৌথভাবে দিবসটি পালনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুঞ্জাজলি, মুক্তির শোভাযাত্রা ও আলোচনা সভা।
 
ইত্তেফাক/জামান