ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধূ মমতাজ হত্যা মামলার বাদীকে হত্যার হুমকি দিয়ে আতঙ্কে রেখেছে বলে অভিযোগ ওঠেছে। উপান্তর না পেয়ে বাদী আকরাম শেখ ভাঙ্গা থানায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার তুজারপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে।
আকরাক শেখ বলেন, আমার বড় বোন মমতাজকে হত্যা করার অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় আবেদ ফকির নামে একজনকে প্রধান আসামি করে আমি একটি হত্যা মামলা দায়ের করি। মামলার পর হতেই তিনি পলাতক তবে তার নিকট আত্মীয় ও এলাকার প্রভাবশালীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে চাপ দিতে থাকে। তারা আরো বলে আমি যদি মামলা তুলে না নেই তবে আমাকে হত্যা সহ বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়া হবে। আমি প্রশাসনের কাছে আমার বোনের হত্যার বিচার সহ আমাদের নিরাপত্তা চাই।'
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেন জানায়, ঘটনাটি ঢাকার কলাবাগান থানা এলাকার তবে মামলার বাদী ও আসামিরা উভয়ই ভাঙ্গা থানাধীন হওয়ায় আমাদের থানায় একটি জিডি করেছেন বাদী। আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তার ও পরিবারের নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে।
ইত্তেফাক/জামান
