বগুড়ার ধুনট উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলতাব হোসেন (৬৫) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছে। নিহত আলতাব হোসেন উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে এবং গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
একই ঘটনায় আহত হয়েছে, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের আবুল হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২৪), মজনু মিয়ার স্ত্রী আঙ্গুরী খাতুন (৬০) ও তার ছেলে আসাদুল ইসলাম (২)। রোববার দুপুর ১টার দিকে ধুনট-গোসাইবাড়ি সড়কের বাকশাপাড়া গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট শহরে থেকে যাত্রী বোঝাই সিএনজি চালিত একটি অটোরিকশা গোসাইবাড়ি বাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে বিপরীত দিক থেকে ধুনট শহরের দিকে আসা একটি বাসের সাথে অটোরিকশার মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে অটোরিকশার যাত্রী আলতাব হোসেনসহ ৪ জন আহত হয়। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলতাব হোসেনকে মৃত্যু ঘোষণা করেন। এছাড়া আহত মা ও ছেলেসহ তিন জনের অবস্থা আশংকাজনক।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক তাসনীন আহাদ আলতাব হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/আনিসুর
