অনুমোদনবিহীন খাদ্য উত্পাদন ও মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের অভিযোগে ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটায় সিজি ফুড বাংলাদেশ লিমিটেড নামে একটি খাদ্য তৈরির কারখানার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসানকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কারখানার মালিক সঞ্জয় ও আরিফুজ্জামানকে এই আর্থিক জরিমানা করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অনুমোদনবিহীন পণ্য তৈরির অভিযোগে সিজি ফুড বাংলাদেশ নামে একটি কারখানায় অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, তাদের নুডুলস তৈরির অনুমোদন রয়েছে। কিন্তু ভুজিয়া (চানাচুরের মতো খাবার) নামে একটি খাদ্য তৈরির অনুমোদন নেই। এছাড়া তাদের খাবার তৈরি কাঁচামালগুলোর মেয়াদ নেই। তাই খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী ২০১৩ এর ৩২(ক) ধারায় কারখানার দুই মালিককে ২ লাখ করে মোট ৪ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে ৩ মাসের জেল দেওয়া হয়। তবে জরিমানা পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়।
