কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৩
 
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল শাহবাজপুরে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে আজ রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যুবলীগ বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দসহ কর্মী সমর্থকরা। এ সময় তারা সড়কে টায়ার ও প্ল্যাস্টিক ড্রামে আগুন ধরিয়ে মহাসড়কে অবস্থান নেন। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন বলে জানা যায়। সড়ক অবরোধের কারণে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 
 
জানা যায়, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন সাবেক যুবলীগের কমিটির সভাপতি ছিলেন কাঈয়ুম ও সাধারণ সম্পাদক ছিলেন রার্জি। নতুন ইউনিয়ন যুবলীগ কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দসহ তাদর লোকজন মহাসড়কে অবরোধের সৃষ্টি করে।
 
সরাইল থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূইয়া বলেন, যুবলীগের কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। 
 
ইত্তেফাক/কেকে