পটিয়ায় নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে হামলা ভাঙচুর, লুটপাটের অভিযোগ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৫
 
চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে কর্ণফুলী নদীর তীরে আনলিমা এনার্জি লিমিটেড নামক ১১৬ মেগাওয়াটের নির্মাণাধিন বিদ্যুৎকেন্দ্রে হামলা ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় গতকাল শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা তাণ্ডবে বিদ্যুৎ কেন্দ্রে ভাঙচুর ও লাটপাটের ঘটনায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কর্তৃপক্ষ দাবি করেছে। 
 
লুণ্ঠিত মালামাল নৌ পথে  নিয়ে যাওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে কোলাগাঁও ইউনিয়নের লালপোল বড় কবরস্থান নামক এলাকা থেকে লুণ্ঠিত বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামালসহ একটি বোট আটকের পর তা জব্দ করে। উল্লেখ্য, সরকারের অগ্রাধিকার প্রকল্প হলেও জমি নিয়ে বিরোধের জেরে বিদ্যুৎ কেন্দ্রটি যথা সময়ে প্রস্তুত করতে পারছে না কর্তৃপক্ষ। এ কারণে বিলম্বিত ও অনিশ্চিত হয়ে পড়েছে কেন্দ্রটি। 
 
বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রধান মোহাম্মদ জানে আলম জানান, গত দুই বছর ধরে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ চলছে। গত শনিবার সকালে ৫০-৬০ জন বিভিন্ন বয়সের লোক দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তারক্ষীরা এগিয়ে গেলেও পরবর্তীতে ঘটনা আরো বাড়তে পারে ভেবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে বাঁধা দেয়া হয় নি।
 
তিনি বলেন, স্থানীয় কিছু মানুষের সাথে প্রতিষ্ঠানের জমি নিয়ে বিরোধ আছে। এরই জের ধরে স্থানীয় কিছু লোকজন জমির দাবিতে ওই হামলা চালায়। ওই ঘটনায় সীমানা প্রাচীর ভাঙচুর ও বিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক তার, ১০০ বান্ডিল ঢেউ টিন, ৫ টন লোহার এঙ্গেল, ওয়েল্ডিং মেশিন, পানির পাম্প, জেনারেটর ও অন্যান্য মালামালসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ও আরো ৫ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়। ঘটনার সময় সংবাদ দেয়া হলেও পুলিশ আসেনি। 
 
বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদার মাইনুর রহমান জানান, হামলাকারীরা চলে যাওয়ার পর বিকাল ৪ টায় কালারপুল ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে আসে। পরবর্তীতে সন্ধ্যায় একটি বোট সহ লুণ্ঠিত কিছু মালামাল জব্দ করে পুলিশী হেফাজতে নেয়। অন্য বোটসহ মালামাল পুলিশ উদ্ধার করতে পারেনি। এরপূর্বে গত ১৭ জুলাই বিদ্যুৎ কেন্দ্রের সাইট পরিচালক আলমগীর কবিরকে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। ওই ঘটনায় কোলাগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহ জামিলের নেতৃত্বে এ হামলা হয়েছে উল্লেখ করে তার বিরুদ্ধে পটিয়া থানা এ সংক্রান্তে একটি অভিযোগ দায়ের করা হয়। কিন্তু পুলিশ সে সময় কোন ব্যবস্থা নেয়নি।
 
কোলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আহমদ নুর জানান, নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে জমির বিরোধে স্থানীয় লোকজন হামলা চালায়। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত লোকজনকে নিবৃত করার চেষ্টা করেন। তিনি চলে আসার পর কি ঘটনা ঘটেছে তা তিনি জানেন না। 
 
পটিয়া থানাধীন কালাপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, সংবাদ পেয়ে ঘটনার পর তার নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। বিদ্যুৎ কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের তথ্য মিলেছে। এরপর সন্ধ্যায় লালপোল বড় কবরস্থান এলাকা থেকে বিদ্যুৎ কেন্দ্রের লুণ্ঠিত মালামালসহ একটি বোট আটক করে তা পুলিশের হাতে জব্দ করা হয়। পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ জানান, ওই ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আনিসুর