কুমিল্লায় যুবদল-ছাত্রদলের ৬ নেতা গ্রেফতার, প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ২০:০৫
 
কুমিল্লায় পৃথক অভিযানে মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবুসহ যুবদল ও ছাত্রদলের ছয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে কুমিল্লা মহানগর, জেলার বুড়িচং ও লাকসামে অভিযান চালিয়ে র‌্যাব, ডিবি ও থানা পুলিশ তাদের গ্রেফতার করে। আজ রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে যুবদল ও ছাত্রদল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে রবিবার বিকালে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
 
জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও ছাত্রদল নেতা শরীফকে গ্রেফতার করে। 
 
ডিবির ওসি এ কে এম মনজুর আলম জানান, যুবদল নেতা আবুকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি মোতাবেক নগরীর ঠাকুরপাড়ার বাসায় অভিযান চালিয়ে একটি এলজি ও একটি বুলেট উদ্ধার করা হয়েছে। একই রাতে বুড়িচংয়ের আরাগ আনন্দপুর এলাকা থেকে থানা পুলিশ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু নাসের এবং একই উপজেলার আগানগর বাজার থেকে র‌্যাবের একটি দল উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুল আলীমকে একটি রিভলবার ও ৭টি হাতবোমাসহ গ্রেফতার করে। 
 
এছাড়া জেলার লাকসাম থানা পুলিশ উপজেলা ছাত্রদলের একাংশের সভাপতি আবু সাঈদসহ দুইজনকে গ্রেফতার করেছে।
 
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র, বিস্ফোরক ও নাশকতা পরিকল্পনার অভিযোগে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা হয়েছে এবং তাদেরকে রবিবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
এদিকে যুবদল ও ছাত্রদল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে রবিবার বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদল নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি জানায়। 
 
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আতংক সৃষ্টি ও হয়রানীর উদ্দেশ্যে এ ধরণের গ্রেফতার অভিযান পরিচালনা করা হচ্ছে। 
 
ইত্তেফাক/কেকে