পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুরে আব্দুর রাজ্জাক (৪১) নামের এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যায় শহরের শিশুবাগান পাড়ার একটি মাঠে তাকে হত্যা করা হয়। তিনি শহরের শিশু বাগানপাড়ার মুক্তিযোদ্ধা ওমর আলীর ছেলে।
নিহতের স্ত্রী সীমা খাতুন জানান, গেল শনিবার সাব্বির ও মিলন নামের দুইজনকে গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ। রবিবার জামিনে মুক্তি পেলে তাদের কারাগার থেকে নিয়ে আসতে যায় আব্দুর রজ্জাক। সন্ধ্যার সময় সাব্বিরকে নিয়ে মাঠের রাস্তা ধরে বাড়ি ফিরছিলো তারা। বাড়ির পাশের মাঠে পৌঁছালে চারজন তাদের গতিরোধ করে। এ সময় সাব্বির পালিয়ে গিয়ে রাজ্জাকের স্ত্রীকে মুঠোফোনে বিষয়টি জানান। পরে তিনি মাঠে গিয়ে রাজ্জাকের জবাই করা মরাদেহ পড়ে থাকতে দেখে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/ইউবি
