যশোরে বিকাশ কর্মীর কপালে পিস্তল ঠেকিয়ে মারপিট করে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেলে সদর উপজেলার ক্ষিতিবদিয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিকাশ কর্মী আবু সাঈদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবু সাঈদ সদর উপজেলার আরিচপুর গ্রামের আবদুল খালেকের ছেলে। এ ঘটনায় রাতে ৬-৭ জন অজ্ঞাত আসামির নামে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন বিকাশ লিমিটেডের ডিস্টিবিউটর জেন ইন্টারন্যাশনাল যশোর অফিসের এক্সিকিউটিভ নারায়ন মজুমদার।
এজাহারে উল্লেখ করা হয়েছে, রবিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার ক্যান্টনমেন্ট সংলগ্ন কলাবাগান এলাকা থেকে ৯ লাখ ৪০ হাজার ৫শ’ টাকা কালেকশন করে অফিসের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন বিকাশ লিমিটেডের ডিস্টিবিউটর জেন ইন্টারন্যাশনালের যশোর অফিসের এক্সিকিউটিভ নারায়ন মজুমদার, ডিএসও আবু সাঈদ ও টিএমও মাহাবুবুর রহমান। পথিমধ্যে ক্ষিতিবদিয়া রেলক্রসিং পার হয়ে যশোর-ঝিনাইদহ মহাসড়কে উঠলে অজ্ঞাত পরিচয়ে ৬-৭ জন দুর্বৃত্ত পথরোধ করে। দুর্বৃত্তরা প্রথমে আবু সাঈদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এরপর তাদের একজন আবু সাঈদের কপালে পিস্তল ধরে। অপর এক দুর্বৃত্ত আবু সাঈদকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জমখ করে। একপর্যায়ে আবু সাঈদের কাছে থাকা ব্যাগ ভর্তি ৯ লাখ ৪০ হাজার ৫শ’ টাকা কেড়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কোতয়ালি মডেল থানার ওসি একেএম আজমল হুদা বলেন, বিকাশের টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আদৌ ছিনতাই হয়েছে কিনা। ঘটনাস্থলে আমি গিয়ে ছিলাম। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাইনি।
ইত্তেফাক/ইউবি
