মুগদায় উদীচী নেত্রী খুন, স্বামী গ্রেফতার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৯
 
রাজধানীর মুগদাপাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে খুন হয়েছেন উদীচীর এক নেত্রী। তার নাম লুদমিনা আহমেদ লিজা (৩৮)। তিনি উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংগীত বিভাগের সদস্য ও ঢাকা মহানগর সংসদের সাবেক সাধারণ সম্পাদক। 
 
গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এ ব্যাপারে মুগদা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
 
নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে। এ অভিযোগে পুলিশ লিজার স্বামী এসএম সাজ্জাদকে গ্রেফতার করেছে।
 
নিহতের স্বজনদের বরাদ দিয়ে মুগদা থানা পুলিশ জানিয়েছে, লিজা ও তার স্বামী সাজ্জাদের মধ্যে বনিবনা ছিল না। তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। তারা একে অপরকে সন্দেহ করতেন।
 
ইত্তেফাক/আনিসুর