নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার পর গত মাসে অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ভাঙার ভিডিও ভাইরাল হয়। কিন্তু এ ঘটনায় দু’জনের একজনকে আইনের আওতায় আনা উচিত কিনা এবং আইনের আওতায় আনা হলে কাকে আনা হবে শীর্ষক বিতর্ক ছড়িয়ে পড়ে। মসজিদ হামলার ঘটনায় মুসলিম অভিবাসীদের দায়ী করে এক বিবৃতি দেয়ার পর অ্যানিংয়ের বিরুদ্ধে ব্যাপক জনরোষ তৈরি হয়। টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে সিনেটরের পেছন থেকে তার মাথায় ডিম ভাঙেন কিশোর উইল কনোলি। তত্ক্ষণাত্ অ্যানিংয়ের সমর্থকরা আক্রমণকারী বালককে প্রতিহত করার আগে সিনেটর নিজেও ওই বালককে আঘাত করেন। ‘ডিম বালক’ উপাধি পেয়ে জনপ্রিয়তা লাভ করা ১৭ বছর বয়সী কিশোরকে পুলিশ সতর্ক করলেও তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে না। মঙ্গলবার কর্তৃপক্ষ জানায়, বালককে আঘাত করার অপরাধে সিনেটরকে ‘অভিযুক্ত না করার’ সিদ্ধান্ত নিয়েছে তারা। ওই মন্তব্যের জন্য গত সপ্তাহে অ্যানিংকে তিরস্কার করে অস্ট্রেলিয়ার সিনেট। -বিবিসি
