ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে দুই ঘন্টাব্যাপী কারখানার প্রধান ফটক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কারখানার সর্বস্তরের শ্রমিক-কর্মচারীরা। সোমবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আশুগঞ্জ কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কারখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত দীর্ঘ মানববন্ধনে সর্বস্তরের শ্রমিক কর্মচারীরা অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কারখানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
আশুগঞ্জ সার কারখানার নবনির্বাচিত সভাপতি মো. বাবুল মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিবিএ‘র নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি সাইফুদ্দিন ফারুকী, সহ-সভপতি হাজী তৈমুর রহমান, সিবিএ নেতা গোলাম মোস্তফা কামরুল ও সরকার আমিনুল হক প্রমুখ।
বক্তরা বলেন, অবিলম্বে আশুগঞ্জ সারকারখানায় গ্যাস সংযোগ না দিলে আশুগঞ্জ উপজেলার সর্বস্থরের জনগণকে নিয়ে আশুগঞ্জ সারকারখানা থেকে সার সরবরাহ বন্ধসহ রাজপথ, রেলপথ অবরোধ করে গ্যাস সরবরাহ দিতে সরকারকে বাধ্য করা হবে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল সরকারের নির্দেশে আশুগঞ্জ সার কারখানা গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। এরপর থেকে গত ৮মাস যাবত আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংকটের কারণে ইউরিয়া সার উত্পাদন বন্ধ রয়েছে।
ইত্তেফাক/এএম।
