কলেজছাত্রী হত্যা: স্বামী গ্রেফতার, শ্বশুরসহ চারজনের নামে মামলা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৭:২১
 
ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী সুরাইয়া ইয়াসমিনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামী মাইনুল ইসলাম আকন হিমুকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ।
 
হত্যার ঘটনায় সুরাইয়ার বাবা আসলাম ফরাজী বাদী হয়ে সোমবার সকালে ঝালকাঠি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় স্বামী মাইনুল ইসলাম আকন হিমু (২৫), শ্বশুর মিল্টন আকন (৫০), শাশুড়ি আয়শা বেগম (৪২) ও মিল্টনের মুড়ির মিলের ম্যানেজার মো. মাহফুজকে আসামি করা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে শহরের কাঠপট্টি সড়কের মিল্টন আকনের ছেলে মাইনুল ইসলাম আকন হিমু একই এলাকার আসলাম ফরাজীর মেয়ে সরকারি মহিলা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী সুরাইয়া ইয়াসমিন তাদের পরিবারের অসম্মতিতে বিয়ে করেন। বিয়ের পর ছেলের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। এ নিয়ে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। এর জের ধরে রবিবার বেলা ১১টার দিকে হিমুদের মুড়ির মিলের দোতলার একটি কক্ষে তাদের মধ্যে ঝগড়া হয়।
 
এক পর্যায় স্ত্রীকে গলা টিপে হত্যা করেন হিমু। বিকালে তিনি নিজে মোবাইল ফোনে সুরাইয়ার মামা তরিকুল ইসলামকে জানান তাদের ভাগ্নি বিষপানে আত্মহত্যা করেছে। আত্মহত্যার ঘটনা প্রমাণ করার জন্য সুরাইয়ার মুখে তুঁতে ঢুকিয়ে দেন এবং নিজেও সামান্য তুঁতে খেয়ে আত্মহত্যার অভিনয় করেন।
 
খবর পেয়ে সুরাইয়ার মামা লোকজন নিয়ে সুরাইয়াকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক সুরাইয়াকে মৃত ঘোষণা করেন এবং হিমুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সোমবার সকালে হিমুকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় থেকে রিলিজ করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
 
ঝালকাঠি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে হিমু তার স্ত্রীকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কি কারণে তার স্ত্রীকে হত্যা করেছে তা এখনও প্রকাশ করেননি।
 
সুরাইয়ার বাবা আসলাম ফরাজী থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন, তার মেয়েকে তিন লাখ টাকা যৌতুকের দাবিতে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে। এদিকে সোমবার ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সুরাইয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। বাদ আছর ঝালকাঠি পৌর মুসলিম কবরস্থানে সুরাইয়ার লাশ দাফন করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি