এফ আর টাওয়ারকে সাড়ে ৬২ লাখ টাকা জরিমানা পরিবেশ অধিদপ্তরের

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০১:২২

পরিবেশগত ছাড়পত্র না নিয়ে বনানীর এফ আর টাওয়ার নির্মাণের ঘটনায় রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডকে সাড়ে ৬২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সহকারী পরিচালক সালশা চৌধুরী শাওন এ তথ্য জানান।

জানা গেছে, পরিবেশ দূষণ ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে গতকাল অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসী দুইটি প্রতিষ্ঠানকে ডেকে শুনানি করেন। শুনানিতে ঢাকার রূপায়ণ হাউজিং এস্টেট ও মৌলভীবাজারের বড়লেখার বারহাল এলাকার মছকন্দ আলীর পাহাড় কাটার প্রতিষ্ঠান অংশ নেয়।

শুনানি শেষে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র না নিয়ে ভবন নির্মাণ ও বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহারের দায়ে এফ আর টাওয়ার নির্মাণকারী প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেটকে ৬২ লাখ ৪৮ হাজার ৯২৩ টাকা এবং অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মছকন্দ আলীকে এক লাখ ২২ হাজার ২৫০ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। ক্ষতিপূরণের এই টাকা তাত্ক্ষণিক পরিশোধ করার জন্য আদেশ দেওয়া হয়।