ভারতে পাচারকালে বেনাপোল আর্ন্তজাতিক কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে সোমবার সকালে আবারো ১৭টি সোনার বারসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা। সোনার বার গুলো তাদের তলপেটের ভেতর থেকে বের করা হয়। এনিয়ে গত ৭ দিনে ৪৭ টি সোনার বারসহ ৭ পাচারকারী আটক করা হয়েছে।
আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন- কলকাতার গৌরি সারাইল গ্রামের ধীরেন নাথ সরকারের ছেলে ধীমান সরকার (৩৮), কলকাতার ২৪ পরগনা জেলার ধীরেন্দ্র সিংহের ছেলে নীতিশ সিং (২৫) ও পশ্চিমবঙ্গের হুগলী জেলার চন্দন নগর থানার বীরজু লালের ছেলে মহেশ লাল (২৯) ।
বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের ডেপুটি কমিশনার মো. আব্দুস সাদিক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম বেনাপোল আর্ন্তজাতিক কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে ভারতগামী পাসপোর্ট যাত্রী ধীমান সরকার, নীতিশ সিং ও মহেশ লালকে আটক করে। পরে তাদের মেডিসিন খাইয়ে পেটের ভেতর থেকে ১৭ পিস সোনার বার জব্দ করা হয়।
ইত্তেফাক/ইউবি
