মিরপুরে কমরেড জসিম মণ্ডলের স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ০০:০৪

কুষ্টিয়ার মিরপুরে উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা কমরেড জসিম উদ্দিন মণ্ডলের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আমলা বাজারে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

জসিম মন্ডলের ভাই মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কমরেড রফিকুজ্জামান নায়েক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কমরেড ওয়াকিল মুজাহিদ, সাবেক সভাপতি কমরেড রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড ম হেলাল, কলেজ শিক্ষক সমিতির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ রেজাউল হক চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ।

সভায় কমিউনিস্ট পার্টির আমলা অঞ্চলের আহবায়ক আব্দুর রাজ্জাকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বিশ্বাস, কুষ্টিয়া জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক কারশেদ আলম, কমিউনিস্ট পার্টির আমলা অঞ্চলের সদস্য শফিকুল ইসলাম, কমরেড জসিম উদ্দিন মন্ডলের ভাগ্নে নাহিদ আহম্মেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মানুষ মরে যায় কিন্তু তার সব কিছু মরে না। তার স্মৃতি আজীবন বেঁচে থাকে। কমরেড জসীম উদ্দিন মণ্ডল সমাজতন্ত্র বিশ্বাস করতেন। তিনি বলতেন, এ দেশে সমাজতন্ত্র কায়েম না হওয়া পর্যন্ত এবং সমাজতন্ত্রের অংক না শেখা পর্যন্ত এ দেশের মানুষের মুক্তি নেই।

তারা আরো বলেন, জসিম মণ্ডল সারাজীবন সাধারণ মানুষের কথা বলেছেন, শ্রমিকদের দাবী আদায়ের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন। তিনি শুধু জাতীয় নেতা নন, তিনি আর্ন্তজাতিক নেতা। আমাদের সকলের উচিৎ কমরেড জসিম উদ্দিন মণ্ডলের দেখানো রাজনৈতিক মতাদর্শনে চলা। তাহলেই দেশে শান্তি বিরাজ করবে। ধনী-গরীবের বৈষম্য দূর হবে।

এ সময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কমিউনিস্ট পার্টি এবং স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু