ধর্মপাশায় খুনীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ০০:১৮

সুনামগঞ্জের ধর্মপাশায় কলেজ শিক্ষক আবু তৌহিদ জুয়েল (৩৬) হত্যা ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে এলাকাবাসী। বিক্ষোভ মিছিল ও কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বড়ভাই সিলেট মদন মোহন কলেজের প্রভাষক সোয়েবুর রহমান, শিক্ষক নজরুল ইসলাম বাচ্চু, আনোয়ারুল হক, যুবলীগ নেতা আবু সায়েম প্রমুখ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে জামালগঞ্জ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু তৌহিদ জুয়েলের তার প্রতিবেশী বাদশাগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দপ্তরী আব্দুর রাজ্জাকের সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।
বিরোধপূর্ণ স্থানে ঘর নির্মানের সময় শুক্রবার সকালে ঐ গ্রামের প্রতিপক্ষ আব্দুর রাজ্জাকসহ কতিপয় লোকদের হাতে শিক্ষক জুয়েল নিহত হন।

গত শনিবার রাতে সোয়েবুর রহমান বাদী হয়ে ধর্মপাশা থানায় ১১জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজহারভূক্ত আব্দুর রাজ্জাক, আঃ খালেক ও হেলিম নামের ৩ আসামিকে গ্রেফতার করেছে।

ধর্মপাশা থানায় ওসি সুরঞ্জিত তালুকদার বলেন, শিক্ষক জুয়েল খুনের মামলায় এজহারভূক্ত বাকী ৮ আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/নূহু