কুট্টাপাড়ায় দু-পক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ০০:৩৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে কুট্টাপাড়া গ্রামের দু-পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিদের জেলা সদরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে।

পুলিশ ও স্থানীয়রা জানান, লোকাল বাসের কাউন্টার নিয়ে সংঘর্ষ হয় উপজেলার কুট্টাপাড়া গ্রামের বক্সবাড়ী আসলাম মিয়ার সঙ্গে পাশ্ববর্তী জবান বক্সবাড়ী মাফুজ মিয়ার। সে সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বক্সবাড়ী ও জবান বক্সবাড়ী লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় মহাসড়কের দুই পাশে অধা কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সংঘর্ষকারীদের পুলিশ ও র‌্যাব এসে সরিয়ে দিলে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/নূহু