জলঢাকায় গ্রাম পুলিশের পরিবারের মাঝে অর্থ বিতরণ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ০১:০০

নীলফামারীর জলঢাকায় মৃত গ্রাম পুলিশের পরিবারের মাঝে অর্থ বিতরণ ও অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশদের বিদায় অনুষ্ঠান হয়েছে। সোমবার খুটামারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মৃত মাজাফ্ফর হোসেনের পরিবারকে স্থানীয় গ্রাম পুলিশদের নিজেস্ব তহবিল থেকে নগদ দশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। একই দিনে উপজলার শৌলমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (সদ্য অবসর প্রাপ্ত) মোঃ আব্দুল মজিদকে অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানানো হয়। বিদায় জানায় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন জলঢাকা উপজেলা শাখা।

অনুষ্ঠানে বাংলাদেশ গ্রাম পুলিশ ইউনিয়ন জলঢাকা উপজেলা শাখার সভাপতি ও গালনা ইউনিয়নের গ্রাম পুলিশ দফাদার আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জলঢাকা থানার পুলিশ পরিদর্শক এসআই বাপ্পী কুমার।

এ সময় আরও বক্তব্য জলঢাকা থানার এএসআই নিমাই চন্দ্র রায়, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোনাব্বেরুল হোসেন, ধর্মপাল ইউনিয়নের গ্রাম পুলিশ দফাদার নিজাম উদ্দিন ও সদ্য অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ মোঃ আব্দুল জলিল  প্রমূখ।

এ সময় সদ্য অবসর প্রাপ্ত গ্রাম পুলিশ মোঃ আব্দুল মজিদ তার বক্তব্যে কান্না জড়িত কন্ঠে বলেন, আমি দীর্ঘদিন চাকরি করে দেশের সেবা করে আসলাম। কিন্তু আজ আমি শুন্য হাতে বিদায় নিয়ে চলে যাচ্ছি। এখন স্ত্রী সন্তানদের নিয়ে কিভাবে সংসার চালাব তা আল্লাহ্ই জানেন।

তিনি আরও বলেন, সারাদেশে গ্রাম পুলিশরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের বিভিন্ন দাবী নিয়ে আন্দোলন করে আসছে। তাদের দাবীগুলো মেনে নেওয়ার জন্য আমি সরকারের কাছে জোর অনুরোধ করছি।

ইত্তেফাক/নূহু