চলছে শীত। খেজুরের রস সংগ্রহ করে গুড় বা পাটালি তৈরি করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছিরা। আবহমান বাংলার ঐতিহ্য খেজুর রসের পিঠা ছাড়া জমে ওঠে না শীত মৌসুম। ফরিদপুরের মধুখালীতে স্থানীয় গাছির সংখ্যা কম হলেও গাছ মালিকেরা বিভিন্ন জেলা থেকে গাছি সংগ্রহ করে মৌসুম চুক্তিতে ভাড়া দিয়েছেন গাছ। গাছিরা সেই রস থেকে গুড় ও পটালি তৈরি করে বাজারে বিক্রি করছেন।
মঙ্গলবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের বনমালিদিয়া গ্রামের শাহ্ হাবিব দরগার পাশে সরেজমিনে দেখা যায়, রাজশাহী জেলার বাঘার থানার রনি ও রাকিব নামে দুই গাছি রস সংগ্রহ করে তাফালে গুড় বানাতে ব্যস্ত। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।
IMG0
খেজুর রসের ঘ্রাণেই এগিয়ে জানতে চাইলে তারা বলেন, বর্তমানে খেজুর রস আহরণ করা কষ্টসাধ্য ব্যাপার। তারা রস জ্বালিয়ে তৈরি করছেন গুড়। কিন্তু খেজুরের রসের মধ্যে চিনি মিশিয়ে গুড় তৈরির প্রশ্ন করলে তারা থমকে জান। এক পর্যায়ে স্বীকার করেন এক মণ রসে এক মণ চিনি মিশিয়ে তা জ্বালিয়ে প্রতি কেজি পাটালি ১২০টাকা দরে বিক্রি করেন বাজারে। এতে লাভ বেশি। কিন্তু খাঁটি খেজুরের রসের এক কেজি গুড় বা পাটালি নিতে চাইলে রনির উত্তর- 'প্রতি কেজি ২৫০ টাকা পড়বে।'
ইত্তেফাক/জামান
