পুলিশের সততায় হারানো লাখ টাকা ফেরত পেল ব্যবসায়ী

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৫:১৭
 
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের ৩ সদস্য এক ব্যবসায়ীর হারানো টাকা ফেরত দিয়ে এক মহানুভবতার পরিচয় দিয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টার দিকে।
 
ভুক্তভোগী ব্যবসায়ী উপজেলার গোলনা গ্রামের মৃত আমজাদ খানের ছেলে সরোয়ার হোসেন খান বাবু (৪২)। বাবু জানান, সোমবার দুপুরে ১লাখ টাকা নিয়ে মটর সাইকেল চড়ে ব্যবসায়িক কাজে খুলনায় যাচ্ছিলেন। পথিমধ্যে পকেট থেকে তার টাকা রাস্তায় পড়ে যায়। এদিকে দুপুরে ডুমুরিয়া থানা থেকে আকবার হোসেন, সামুম বিল্লাহ ও আলমগীর হোসেন নামে তিন পুলিশ সদস্য অফিসের কাজে খুলনায় রওনা দেন। এসময়  উপজেলার গুটুদিয়া এলাকার খুলনা সাতক্ষীরা মহাসড়কের ব্র্যাক হ্যাচারির সামনে রাস্তার উপরে কিছু টাকা ছড়ানো অবস্থায় দেখতে পান। বিষয়টি দ্রুত মোবাইল ফোনে থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেনকে জানান। তার নির্দেশ অনুযায়ী রাস্তায় পড়ে থাকা টাকাগুলো তাদের হেফাজতে নিয়ে নেয়।
 
বাবু আরও জানান, ইতিমধ্যে পুলিশ কন্ট্রোলরুম এবং বিভিন্ন মোবাইল ফোনে ব্যবসায়ীদের মাঝে টাকা পাওয়ার খবরটি পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। রাত ৯টার দিকে ব্যবসায়ী থানায় হাজির হয়ে তার হারানো টাকার বর্ণনা দেন। এরপর স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক এবং সুধীমণ্ডলীর উপস্থিতিতে অফিসার ইনচার্জ ওই টাকার মালিক ব্যবসায়ী সরোয়ার হোসেন বাবুকে তার টাকা ফেরত দেন।
 
ইত্তেফাক/জামান