বাগেরহাটে ১৫ হাজার ৪শ' পিস ইয়াবাসহ আন্তঃজেলা ইয়াবা সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এক প্রেসব্রিফিং এ বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এই তথ্য জানান।
আটকৃতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার উত্তর সোনাখালি গ্রামের মো. জব্বার শেখের ছেলে শামিম শেখ (৩৬), ফেনী জেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের ওবায়দুল হক হাজারীর ছেলে মহিউদ্দিন হাজারী (২২)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, শামিম শেখ নামে এক মাদক বিক্রেতা চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে এসেছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামের শামীম শেখের বাড়িতে অভিযান চালিয়ে ১৭ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করে। শামিম শেখ চট্টগ্রাম থেকে এর আগেও কয়েকবার ইয়াবার চালান নিয়ে এসে জেলাসহ আশপাশের জেলাগুলোতে বিক্রি করেছে। তারা আন্তঃজেলা ইয়াবা সিন্ডিকেটের সদস্য। এই গ্রুপের অপর সদস্য বদিউল আলমকেও পুলিশ খুঁজছে বলে তিনি জানান। এঘটনায় ডিবি পুলিশের এসআই মো. ইমান উদ্দিন বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/জামান
