বরিশালে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২০:৩৩
 
বিড়ির উপর বৈষম্যমূলক রাজস্ব কর বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার নগরীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিড়ি শ্রমিকরা। কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে সকাল সাড়ে ১০টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামানে সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
 
মানববন্ধন ও সমাবেশে কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রনব চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এমকে বাংগালী। 
 
বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হাকিম, সহ-সম্পাদক হারিক হোসেন, সংগঠনের শ্রমিক নেতা মো. জাহাঙ্গীর হোসেন, হাবিবুর রহমান, ফারুখ শিকদার প্রমুখ।  
 
বক্তারা বলেন, বিড়ি একটি আদি ও পুরাতন শিল্প এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ কুটির শিল্প। অথচ দুইশত বছরের এই শিল্প বর্তমানে ধ্বংসের পথে। এর ফলে লাখ লাখ বিড়ি শ্রমিক বিভিষীকাময় অবস্থার মধ্যদিয়ে দিনাতিপাত করায় বিড়ি শ্রমিকরা এখন দেশের সবচেয়ে অবহেলিত এক শ্রমিক শ্রেণি। এছাড়া বিড়ির উপর সম্পূর্ণ রাজস্ব কর মুক্ত করারও আহ্বান জানান তারা।
 
ইত্তেফাক/আরকেজি