স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরিফকে তড়িঘড়ি করে জেল দেওয়ার ঘটনা দুঃখজনক। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরে ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে তিনি এ কথা বলেন। সেখানে নয় দিনব্যাপী ফ্রি বার্ন ও প্লাস্টিক সার্জারি ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন সাবেক সিভিল সার্জন ও প্রশাসনের কর্মকর্তার মধ্যে একটি অপ্রীতিকর ঘটনায় তড়িঘড়ি করে একজন সাবেক সিভিল সার্জনকে জেলে দেওয়াটা সমীচীন হয়নি। সালাহ উদ্দিন শরিফ একজন অভিজ্ঞ চিকিত্সক। তাকে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য আমি আইনমন্ত্রীকে বলেছি। সরকারি কর্মকর্তাদের মধ্যে এ ধরনের ঘটনা না ঘটাই ভালো। সকল সরকারি কর্মকর্তা জনগণের সেবক। সামান্য একটি ঘটনায় একজনকে যদি জেল দেওয়া হয় তাহলে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে।
গত ২৫ নভেম্বর শুরু হওয়া ক্যাম্পে ৮০ জন আউটডোর রোগীকে ও ২৫ জনকে বিনামূল্যে সার্জারি প্রদান করা হয়। ফ্রি চিকিত্সা সেবা প্রদান করেন জার্মানি, হাঙ্গেরি, নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিত্সকরা।
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এসময় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়ার হাই কমিশনারের পরামর্শদাতা ইধাম জুহুরি মো. ইউনূস, গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মোহাম্মদ মঞ্জুরুল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের সিইও জায়তুন বিনতি সুলাইমান ও মেডিক্যাল ডিরেক্টর ডা. রাজীব হাসান ।
ইত্তেফাক/নূহু
