নীলফামারীতে গেজেট প্রকাশের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৩০
 
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি কৃতক বাছাইকৃত মুক্তিযোদ্ধারা গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধ করেছে। বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
 
ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, বাছাইকৃত তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা সাইয়াদার রহমান, সামছুল হক, হিরম্ব চন্দ্র রায়, এনামুল হক, আব্দুল জফুর, আব্দুর রশিদ, মোস্তাফিজার রহমান, প্রমুখ।
 
এসময় মুক্তিযোদ্ধারা কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'চলতি বছরের ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী আবেদনকারী ৮৬ জন মুক্তিযোদ্ধাদের কাগজপত্র যাচাই-বাছাই করে কমিটি ৩৯ জনের নাম সুপারিশ করে ও ৫ জনের মন্তব্য পেশ করে গেজেটের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে প্রেরণ করে। সরকারি নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে কমিটি কর্তৃক সুপারিশকৃত মুক্তিযোদ্ধাদের নাম গেজেট আকারে প্রকাশ হওয়ার কথা থাকলেও আজও গেজেট প্রকাশ না হওয়ায় আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই আমরা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গেজেট প্রকাশের আকুল আবেদন জানাচ্ছি।'
 
ইত্তেফাক/জামান