মশার উৎপাত বৃদ্ধিতে শিগগিরই ক্র্যাশ প্রোগ্রাম ডিএসসিসি’র

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৮:০২
মশার উৎপাত বৃদ্ধি পাওয়ায় রাজধানীতে মশক নিধনে শিগগিরই ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। 
 
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহউদ্দিন আজ বুধবার বলেন, শীতকালে বৃষ্টিপাত কম হওয়ায় পানির প্রবাহ কম থাকে। ফলে নর্দমা বা জলাধারে এই সময়ে মশার প্রজনন বেশি হয়। তাই শীত মৌসুমে সাধারণত মশার উৎপাত অন্য সময়ের তুলনায় একটু বেড়ে যায়। মশার উৎপাত থেকে নগরবাসীকে স্বস্তি দিতে মশক নিধনে নিয়মিত ফগিং কার্যক্রমের পাশাপাশি ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে।
 
তিনি জানান, গতমাসে নগরীর ৫টি জোনে একযোগে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালিত হয়েছে। এ মাসেও যত শিগগির সম্ভব আরও একটি ক্র্যাশ প্রোগ্রাম চালানো হবে। এই লক্ষ্যে পুরো মহানগরীকে অঞ্চলভিত্তিক বিভিন্ন গ্রুপে ভাগ করে ফগিং কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতি ওয়ার্ডে ৪ জন করে স্প্রেম্যানদের দায়িত্ব দেয়া হয়েছে। অঞ্চলভিত্তিক সিটি কর্পোরেশনের মশক সুপারভাইজার এবং স্থানীয় কাউন্সিলগণ এই কাজ মনিটরিং করছেন বলে তিনি জানান।
 
শেখ সালাহউদ্দিন বলেন, আগের বছরের তুলনায় এ বছর মশক নিধনে ৩০ থেকে ৪০ ভাগ ওষুধের ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, মশা নিধনে অতিরিক্ত মাত্রায় ওষুধ ব্যবহার করা হলে সেটা মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। বাসস।
 
ইত্তেফাক/এমআই