ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২১:৩৬
 
পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে মা আয়েশা আক্তার (৫০) ও মেয়ে শিউলী আক্তার (৩০) মারা গেছেন। আয়েশা বাড়হা উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল মন্নাছের স্ত্রী। 
 
বুধবার সন্ধ্যায় জারিয়া-ময়মনসিংহ রেলপথের ১৫নং ব্রিজের উত্তরপাশে উপজেলার বাড়হা উত্তরপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 
 
জানা গেছে, শিউলী ও তার মা আয়েশা সন্ধ্যায় পাশের বাড়ি থেকে নিজ বাড়ি আসার জন্য রেললাইন পার হচ্ছিলেন। শিউলী রেললাইনটি পার হলেও তার মা রেললাইনে হোঁচট খেয়ে পড়ে যান। 
 
এ সময় জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭৫নং আপ ট্রেনটি আসতে থাকে। শিউলী তার মাকে টেনে তোলার চেষ্ঠা করলেও আর শেষ রক্ষা হয় নি। মা-মেয়ে দুজনই ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
 
পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহে পাঠানো হচ্ছে বলে রেলসূত্রে জানা গেছে।
 
ইত্তেফাক/আরকেজি