মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১, অস্ত্রসহ আটক ২

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২১:১০
 
সদর উপজেলার মোলাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নাছির সরদার (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনায় অস্ত্রসহ আফজাল হোসেন (৪০) ও দেলোয়ার হোসেন দেলু (৪৫) নামে দুইজনকে আটক করা হয়েছে। 
 
এরআগে বুধবার রাত থেকেই দু’গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে আবারো সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া চর ডুমুরিয়া কাঠবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। 
 
গুলিবিদ্ধ নাছির পূর্ব মাকহাটী গ্রামের নুরুল সরদারের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- স্থানীয় চৈতারচর এলাকার লাল মিয়ার ছেলে আফজাল হোসেন এবং দেলোয়ার হোসেন দেলু।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে সদরের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে ওরস অনুষ্ঠানে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে নতুন আমঘাটা গ্রামের ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খানের পক্ষ এবং সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা মোল্লার পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু ককটেলও বিস্ফোরিত হয়।
 
সদর থানার ওসি মো. আলমগীর হোসেন বৃহস্পতিবার বিকালে জানান, বুধবার রাত থেকে থেমে থেমে সংঘর্ষ শুরু হয়। বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের মধ্যে ককটেল বিস্ফোরণসহ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় চর ডুমুরিয়া থেকে শর্টগানসহ আফজালকে আটক করা হয়। এছাড়া ঘটনার সাথে সংশ্লিষ্ট ও একটি ওয়ারেন্ট মামলার আসামি দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নওিয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি